প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৪:৪৭ এ.এম
রিহানার বাড়িতে ১০ রাউন্ড গুলিবর্ষণ, গ্রেফতার ১

মার্কিন পপ গায়িকা রিহানার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ ) দুপুর ১টা ২১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রিহানার বাড়ির গেটের রাস্তায় পার্কিং করা একটি গাড়ি থেকে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি রিহানার বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়।
মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, অতর্কিত হামলার সময় ৩৮ বছর বয়সী রিহানা, তার সঙ্গী র্যাপার এএসএপি রকি এবং তাদের তিন সন্তান- আরজেডএ, রায়ট ও রকি বাড়িতেই ছিলেন। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন রিহানা ও তার পরিবার।
এদিকে সিসিটিভি ফুটেজ দেখে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, একটি সাদা টেসলা গাড়ি থেকে রিহানার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। প্রকৃত কারণ খুঁজে পেতে চলছে পুলিশি তদন্ত।
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী রিহানা। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'আম্ব্রেলা', 'টেক আ বো', 'ডিস্টার্বিয়া', 'লাভ দ্য ওয়ে ইউ লাই', 'দ্য মনস্টার' ইত্যাদি।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.