
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম সুলতানী গ্রামের এক কৃষকের বসত বাড়ির বাগান থেকে প্রকাশ্য দিবালোকে সুপারি লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ব্যাপারে ৫ আগষ্ট ক্ষতিগ্রস্ত কৃষক শাহে আলম বাদী হয়ে অভিযুক্ত মাইদুল সরদারের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলা ৪নং দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পশ্চিম সুলতানী গ্রামের মৃত শাহে আলম সরদারের পুত্র মাইদুল সরদার একই এলাকার কৃষক শাহে আলম সরদারের বসত বাড়ির বাগানে লোকজন নিয়ে ৪ আগষ্ট দুপুরে ১টা থেকে ৩ টার মধ্যে কোনো এক সময় অনাধিকার ভাবে প্রবেশ করে অনুমান ৫০ হাজার টাকার সুপারি পেড়ে নিয়ে গেছে। বিকেলে ৩ টার দিকে বাদী শাহে আলম সরদারের স্ত্রী মাসুদা বেগম ঘুম থেকে ওঠে এই ঘটনা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে অভিযুক্ত মাইদুল সরদার তাকে মারধর করার হুমকি দেয় এবং সুপারি পাড়ার ঘটনা কাউকে বললে খুন জখম করার হুমকি প্রদান করে বীরদর্পে সুপারি নিয়ে চলে যায়। ভয়ে কেউ এগিয়ে আসার সাহস করেননি।
সরেজমিনে গিয়ে জানা যায়, মাসুদা বেগম এর স্বামী শাহে আলম সরদার বাড়িতে ছিলেন না। ছোট ছেলেকে নিয়ে সে নিজ বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। বিকেল ৩ টার দিকে ঘরের পাশের সুপারি বাগানে লোকজনের সোরগোল শুনে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি বাগানে গিয়ে দেখেন প্রতিবেশী মাইদুল সরদারসহ ৩/৪ জন সদ্য পাড়া সুপারি বস্তায় ভরে ভ্যান গাড়ীতে তুলতেছে। এ সময় তিনি সুপারি পাড়ার কারন জিজ্ঞাসা করলে তাকে মাইদুল সরদার অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং খুন জখমের হুমকি প্রদান করে সুপারি নিয়ে চলে যায়। তাৎক্ষণিক মোবাইল ফোনে বিষয়টি এলাকার ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন বলে জানান।
বাদী শাহে আলম সরদার জানান, তিনিসহ তার ৩ ভাই পৈত্রিক সূত্রে দেড় একর জমির সুপারির বাগানের মালিক। কিন্তু বিগত কয়েক বছর যাবত অভিযুক্ত মাইদুল সরদার তাদের বাগানে অনাধিকার প্রবেশ করে সুপারি লুট করে নিয়ে যায়। তার স্ত্রী বাঁধা দিতে গেলে তাকে বেশ কয়েকবার পিটিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বরিশাল বিজ্ঞ আদালতে ওর নামে ১০৭/১১৭ ধারায় একটি মামলা করি। সেই মামলায় মাইদুল সরদার আদালতে উপস্থিত হয়ে মুচলেকা দেয়, আর কখনো সে আমাদের বাগানে প্রবেশ করবেনা কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী। বাদী আরো জানান, তিনি কৃষি কাজের সুবাদে বেশির ভাগ সময়ই চরে থাকেন। বাড়িতে তার স্ত্রী ছোট ছেলেকে নিয়ে থাকেন। দিন দিন মাইদুলের অত্যাচার যেভাবে বেড়ে চলছে,তাতে তিনি তার পরিবার নিয়ে আতংকে আছেন, কখন কোন দূর্ঘটনা ঘটিয়ে বসে। তিনি প্রশাসনের নিকট তার পরিবারের নিরাপত্তার দাবী জানিয়েছে এবং একই সাথে প্রতি বছর মাইদুল সরদার তার বসত বাড়ির বাগানে অনাধিকার প্রবেশ করে সুপারি, নারিকেলসহ ফল ফলাদি লুট করে নেয় তার উপযুক্ত বিচার দাবী করছে। এব্যাপারে অভিযুক্ত মাইদুল সরদারের মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply