নিজস্ব প্রতিবেদক // কিশোরগঞ্জে বাড়ির পাশের একটি পুকুর থেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারী বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের বড় ভাই আতাউর রহমান খান মিলন জানান, শনিবার রাত ৮টার দিকে বাদল বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।
মিলনের দাবি, তার ছোট ভাইকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করছেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
