প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২২, ৩:০৪ এ.এম
বাগান থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি // চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ লাভলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মান্দারতলী গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে সলিমকে হত্যা করে লাশ ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ।
নিহত সলিম উল্লাহ উপজেলার মান্দারতলী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। ভোরে জাহাঙ্গীর আলম নামে এক ভ্যানচালক মান্দারতলী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানান, লাভলু ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক। তার ডানকানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ মহিনউদ্দিন বলেন, বিএনপি নেতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.